সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 110
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের ওপর হামলা এবং এখন টিভির প্রতিনিধি সোহান মাহমুদকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। সোমবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে, কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দেখা যায় না। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর রাত ৮টার দিকে রহনপুর কলেজ মোড়ে সংবাদ সংগ্রহ করতে গেলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা সাংবাদিক জাহাঙ্গীর আলমকে ঘিরে মারধর ও তার ক্যামেরা ভাঙচুর করে। এ সময় সাংবাদিক পরিচয় দেওয়ার পরও হামলা চলতে থাকে। বাধা দিতে গেলে এখন টিভির সোহান মাহমুদকেও লাঞ্ছিত করা হয়।




















