পরিপত্র থাকা সত্ত্বেও শেরপুর সদরের এসিল্যান্ডের অফিসে দেরিতে উপস্থিতি
- আপডেট সময় : ০৪:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 66
শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি নির্ধারিত সময়ের পরে অফিসে আসার কারণে প্রশ্ন উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক, তবে বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৮ মিনিটে তিনি শেরপুর সদর উপজেলা ভূমি অফিসে পৌঁছান।
সকাল ৯টার সময় শেরপুর সদর উপজেলা ভূমি অফিসে উপস্থিত ছিলেন শেরপুর প্রতিনিধি। এ সময় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী অফিসে উপস্থিত ছিলেন, কিন্তু সহকারী কমিশনার ইশতিয়াক দেরিতে পৌঁছান।
নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ার বিষয়ে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হককে সকাল ৯টা ২১ মিনিটে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অফিসে পৌঁছানোর পর সহকারী কমিশনার ইশতিয়াক মজনুন ইশতি জানান, তিনি সরকারি একটি কাজের তদন্তে সদর উপজেলার মুচারের চর এলাকায় ছিলেন। তিনি বলেন, “আমি সরকারি একটি কাজে তদন্তে ছিলাম। আগে বের হয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি দেরি হয়ে গেছে।”
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ গত ২ মার্চ একটি পরিপত্র জারি করেছে, যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।




















