ময়মনসিংহে এক দশক পূর্তি উদযাপনে “ক্রিয়েটিভ ডান্স একাডেমি”, অনুষ্ঠিত হবে “নাচের ভূবন-৫”
- আপডেট সময় : ০৪:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 50
ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে এক দশক পূর্তি উদযাপন করতে যাচ্ছে “ক্রিয়েটিভ ডান্স একাডেমি, ময়মনসিংহ”। প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৫ মে শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান “নাচের ভূবন-৫”।
অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। এতে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ ও সুধীজনদের উপস্থিতিতে জমে উঠবে বর্ণিল আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়কর দাতা মোঃ মাহবুব রেজা করিম মুরাদ। উদ্বোধক হিসেবে থাকবেন প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনসুর আলম (চন্দন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলভার ক্যাসেল রিসোর্টের এমডি মোঃ ফারহান বেগ, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাস উদ্দিন খান, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান, আমিরা হাউজিং লিঃ এর পরিচালক লায়ন মোঃ ইউসুফ আলী রিমন, দৈনিক সবুজ বাংলার ব্যুরো চিফ মোঃ জয়নাল আবেদীন, বাংলাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালক নাজমুল হক লেলীন, সেতুবন্ধন কল্যাণ সমিতির সভাপতি জয়ীতা তনু এবং সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আলী হোসেন রনি।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে মনোমুগ্ধকর নৃত্য, সংগীত ও সাংস্কৃতিক আয়োজন। আয়োজকরা জানান, গত এক দশকে প্রতিষ্ঠানটি ময়মনসিংহে নৃত্যচর্চা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। “নাচের ভূবন-৫” হবে সেই পথচলার অর্জন, স্মৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনার এক অনন্য উপস্থাপনা।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় রয়েছে ব্যতিক্রম সামাজিক সাংস্কৃতিক সংস্থা, ময়মনসিংহ। আয়োজকরা সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।




















