পুরাতন ব্রহ্মপুত্র খননে ধীরগতি ও অপরিকল্পনার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 34
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
পুরাতন ব্রহ্মপুত্র নদ খননে ধীরগতি ও অপরিকল্পিত কার্যক্রমের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। বুধবার (২০ মে ২০২৬) বেলা ১১টায় নগরীর জিরো পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারের লক্ষ্যে ২০১৯ সালে বিআইডব্লিউটিএ’র অধীনে প্রায় তিন হাজার কোটি টাকার একটি খনন প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্রের উৎসমুখ থেকে কাপাসিয়ার টোক পর্যন্ত ২২৭ কিলোমিটার খননের কথা থাকলেও সাত বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রকল্প বাস্তবায়ন নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বক্তারা অভিযোগ করেন, অপরিকল্পিত খননের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরছে না, বরং খনন করা বালু নদীর পাড়ে ফেলে রাখায় সেসব এলাকা অবৈধ দখলের কবলে পড়ছে। ফলে নদীটি ক্রমেই মৃতপ্রায় হয়ে উঠছে।
তারা আরও বলেন, ব্রহ্মপুত্র শুধু একটি নদী নয়, এটি এ অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিকল্পিতভাবে খনন কার্য পরিচালনার মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা জরুরি।
সমাবেশে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শত শত ট্রলারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীব্র ভাঙন সৃষ্টি হচ্ছে এবং এর গতিপথ পরিবর্তিত হচ্ছে। এতে নদীপাড়ের মানুষ তাদের ফসলি জমি ও বসতভিটা হারাচ্ছেন। অভিযোগ রয়েছে, এই অবৈধ বালু বাণিজ্যের সঙ্গে প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা রয়েছে।
বক্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি খনন প্রকল্পের অগ্রগতি ও বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরার দাবি জানান।
সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ আশিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিক রুমেল, ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, নাজমুল হাসান রাজু খান, আবির হোসেন, নয়ন চক্রবর্তী, সাদ্দাম হোসেন রিমন, মোহাম্মদ সোহেল মিয়া, মোহাম্মদ দূর্জয়, আব্দুল্লাহ আল মামুন শুভ, সুশান্ত শীল, পাবেল আহমেদ ও সজীব আকন্দসহ অন্যান্যরা।




















