ঠাকুরগাঁওয়ে অস্বাস্থ্যকর চানাচুর উৎপাদন: কারখানা সিলগালা ও মালিককে জরিমানা
- আপডেট সময় : ১০:৩৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 227
ঠাকুরগাঁও জেলার সালান্দর চৌধুরীহাট এলাকায় অবস্থিত ‘মিতু চানাচুর’ নামের একটি খাদ্য উৎপাদন কারখানায় জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রমাণ মেলে, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন করে আসছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. মিলনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনাহেনা লাবনী। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ আক্তার ফারুকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জানা যায়, ‘মিতু চানাচুর’ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে চানাচুর উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানের সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানের সময় কয়েকজন স্থানীয় ভোক্তা জানান, “আমরা নিয়মিত এই চানাচুর খেতাম, কিন্তু এর ভেতরে এমন অখাদ্য উপাদান রয়েছে তা জানতাম না। এখন থেকে এসব খাদ্যের প্রতি বিতৃষ্ণা তৈরি হবে। আমরা চাই প্রশাসন আরও ঘন ঘন অভিযান চালাক, যেন জনগণ নিরাপদ খাদ্য পায়।”




















