ময়মনসিংহে হ * ত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন
- আপডেট সময় : ১২:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 84
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের গফরগাঁওয়ে নুরুল হক হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও মো. রফিকুল ইসলাম (৫৩)।
রোববার (১০ মে) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মোস্তাছিনুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে গফরগাঁওয়ের শিলাসী গ্রামে নুরুল হকের বাড়ির পাশের একটি বড়ই বাগানে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি নুরুল হকের টিনের বেড়ায় লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে খেলাটি বন্ধ করে দেন এবং ছেলেদের তাড়িয়ে দেন।
পরে ওই ছেলেদের স্বজন শাহবাজ মিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে কাজল মিয়া বাদী হয়ে গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
মামলার সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর আসামিদের খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মাসুদুল আলম খান তান্না এবং আসামিপক্ষে ছিলেন এএইচএম খালেকুজ্জামান।










