ত্রিশালে তিস্তা এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি, এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
- আপডেট সময় : ০৫:০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 99
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহের ত্রিশালে চলন্ত অবস্থায় ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি কোচের হোস পাইপ ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বুধবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ধলা স্টেশনের আউটার এলাকায় পৌঁছালে হঠাৎ জে নম্বর কোচের হোস পাইপ ছিঁড়ে যায়। এতে ট্রেনটি তাৎক্ষণিকভাবে থেমে যায়।
পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীরা মেরামত কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর হোস পাইপ মেরামত শেষে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পুনরায় ছেড়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, ঘটনাটি স্টেশন এলাকার মধ্যে হওয়ায় একটি লাইন সাময়িকভাবে ব্লক হয়ে পড়ে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।










